ঘাসের দেশে

পারভেজ মোশাররফ, সদস্য খুবি লেখক সংঘ:

শিশির ভেজা ঘাসের দেশে
মুক্ত মনে হেসে,
তেপান্তরের মাঠে মাঠে
বেড়াই আমি ভেসে।

ছোট্ট সজীব ঘাসের রূপে
দুচোখ ভরে যায়,
সবুজ শ্যামল ঘাসের এমন
রূপ যে কোথাও নাই।

ঘাসের উপর বিন্দু বিন্দু
জল জমেছে তাই,
অপূর্ব এক রূপের লীলা
দেখি সেথায় হায়।

মনটা যে চাই থাকতে হেথায়
কীটপতঙ্গ হয়ে,
ঘাসের রূপ ওই মুগ্ধ চোখে
দেখবো চেয়ে চেয়ে।

প্রকাশিত: খুলনা গেজেট

Read More

বই পড়ার অভ্যাস বাড়াতে হবে

সানজিদা আক্তার সদস্য, খুবি লেখক সংঘ:

আজকের এই ব্যস্ত, যান্ত্রিক জীবনে বই যেন হারিয়ে যাচ্ছে মানুষের মন থেকে। মোবাইলের আলোয় চোখ ঝলসে যায়, কিন্তু বইয়ের পাতার আলোয় মনের জানালা খুলে যায় এই সত্যটি আমরা ভুলে যাচ্ছি। আগে যেখানে ছেলেমেয়েরা বই হাতে ঘন্টার পর ঘন্টা কাটাতো, এখন তারা সময় কাটায় স্ক্রিনে স্ক্রিনে। ফলে জ্ঞানের গভীরতা, চিন্তার পরিধি, এমনকি ভাষার সৌন্দর্যও হারিয়ে যাচ্ছে।

বই আমাদের নিঃসঙ্গতার সাথি, বন্ধুর মতো পথ দেখায়, আর শিক্ষক হয়ে শেখায় জীবনকে দেখতে অন্য চোখে। এক একটি বই এক একটি পৃথিবী। সেই পৃথিবী হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এ যেন এক নিঃশব্দ বিপর্যয়। তাই এখনই দরকার বইয়ের প্রতি নতুন করে ভালোবাসা জাগানো।

স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বইপাঠ আন্দোলন গড়ে তোলা হোক। শহরের প্রতিটি এলাকায় ছোট ছোট পাঠাগার হোক বন্ধুত্বের কেন্দ্র। পরিবারে শিশুর হাতে মোবাইল নয়, তুলে দিই গল্পের বই। একদিন যে জাতি বই ভালোবাসে, সেই জাতি কখনো অন্ধকারে হারিয়ে যায় না।

বইয়ের গন্ধে, অক্ষরের মায়ায় আবার জেগে উঠুক আমাদের মননশীল প্রজন্ম এই হোক আমাদের অঙ্গীকার।

Read More

পথে পথে ময়লার স্তূপ

সানজিদা আক্তার সদস্য, খুবি লেখক সংঘ:

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পিটিআই পর্যন্ত যাত্রাপথটি সময়ে খুবই সংক্ষিপ্ত,মাত্র কয়েক মিনিটের অটো বা রিকশার পথ। কিন্তু এই অল্প দূরত্বেই চারটি স্থানে গল্লামারী মোড়, নিরালা, সাতরাস্তা এবং পিটিআই-এর সামনে প্রতিনিয়ত ময়লার স্তূপ চোখে পড়ে। এসব স্থান যেন খুলনা শহরের পরিচ্ছন্নতার ঘাটতির এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে।
প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ এই পথে চলাচল করেন। অথচ দুর্গন্ধ, উড়ন্ত পলিথিন, মশা-মাছির উৎপাত এবং পচা ময়লার দৃশ্য তাদের জন্য এক অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে। শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি শিক্ষাবান্ধব পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতি আমাদের সামাজিক দায়িত্ববোধের ঘাটতিও প্রকাশ করে। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকা, সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘাটতি এবং নাগরিকদের অসচেতন আচরণ। সব মিলিয়ে এই সমস্যাকে আরও গভীর করছে।
খুলনা সিটি কর্পোরেশনকে নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত ময়লা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। পরিচ্ছন্ন শহর মানেই উন্নত জীবনযাত্রা ও শিক্ষার অনুকূল পরিবেশ। খুলনা শহরের সৌন্দর্য রক্ষায় আমাদের প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপই হতে পারে বড় পরিবর্তনের সূচনা।

Read More