ফারহান জাওয়াদ
শিক্ষার্থী
ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়।
রমজান আসার আগেই বাতাসে যেন তার আভাস ভেসে ওঠে। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই বোঝা যায়, আর খুব বেশি দেরি নেই। ঠিক এই সময়েই হাজির হয় শাবান—একটি নীরব কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ মাস। অনেকের কাছেই এটি যেন রমজানের আগের একটি সাধারণ সেতু, অথচ এই সেতুর ওপর দাঁড়িয়েই রমজানের পথচলা কতটা সহজ বা কঠিন হবে, তার অনেকটাই নির্ধারিত হয়ে যায়।
শাবান মাসকে অবহেলা করার প্রবণতা নতুন নয়। রজবের পবিত্রতা আর রমজানের ব্যস্ত ইবাদতের মাঝখানে পড়ে গিয়ে এই মাস অনেক সময় আড়ালেই থেকে যায়। অথচ নবী মুহাম্মদ (সা.)-এর জীবনে তাকালে ভিন্ন এক ছবি দেখা যায়। এই মাসেই তাঁর নফল রোজার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আয়েশা (রা.)-এর বর্ণনায় জানা যায়, রমজান ছাড়া অন্য কোনো মাসে নবীজি (সা.) শাবানের মতো এত বেশি রোজা রাখেননি। কয়েকটি দিন ছাড়া প্রায় পুরো মাসই কাটত তাঁর রোজায়।
কেন এই বিশেষ গুরুত্ব? উসামা বিন জায়েদ (রা.)-এর প্রশ্নের উত্তরে নবীজি (সা.) একবার বলেছিলেন, শাবান এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে। অথচ এই মাসেই আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। তাই তিনি চাইতেন, তাঁর আমলনামা যেন রোজা অবস্থাতেই পেশ হয়। এই একটি কথাই যেন শাবান মাসের গভীর তাৎপর্য আমাদের সামনে খুলে দেয়।
শাবান আসলে রমজানের প্রস্তুতির সময়। ঠিক যেমন শরীরচর্চার আগে শরীরকে ধীরে ধীরে অভ্যস্ত করতে হয়, তেমনি দীর্ঘ সময় রোজা ও ইবাদতের জন্য শরীর ও মনকে প্রস্তুত করার সুযোগ এনে দেয় এই মাস। যারা শাবানে নিয়মিত নফল রোজা রাখেন, তাদের কাছে রমজানের প্রথম দিনগুলো হঠাৎ চাপ হয়ে আসে না। বরং ইবাদতের স্বাদ তারা আগেই অনুভব করতে শুরু করেন।
এই প্রস্তুতির বিষয়টি ইসলামেও গুরুত্বের সঙ্গে এসেছে। কোরআনে এমন মানুষের কথা বলা হয়েছে, যারা দায়িত্ব পালনের কথা বললেও প্রকৃত প্রস্তুতির অভাবে পিছিয়ে থাকে। বার্তা পরিষ্কার—ইচ্ছা সত্য হলে প্রস্তুতি থাকেই। রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসকে সার্থক করতে হলে প্রস্তুতিও হতে হবে ততটাই গুরুত্বের সঙ্গে।
শাবান মাসে করণীয় শুধু রোজাতেই সীমাবদ্ধ নয়। এটি নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার সময়। তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে হৃদয়কে হালকা করার সময়। আগের রমজানগুলোতে কেন আমাদের মন বসেনি, কেন ইবাদতে ধারাবাহিকতা ছিল না—সেসব প্রশ্ন নিজের কাছে নিজেকেই করা দরকার। অনেক সময় উত্তরটা খুব সাধারণ হয়—অতিরিক্ত মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা, কিংবা সময়ের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকা।
শাবান মাসের একটি ফযীলত হল, অর্ধ-শাবানের রাত। অর্থাৎ চৌদ্দ শাবান দিবাগত রাত। এ রাতের বিশেষ ফযীলতের কথা বর্ণিত হয়েছে। একটি হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন―
يَطَّلِعُ اللهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ.
আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন; অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষপোষণকারী ব্যতীত (এই দুই শ্রেণিকে ক্ষমা করেন না)। ―সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৬৬৫; শুআবুল ঈমান, বাইহাকী ৩/৩৮২, হাদীস ৩৮৩৩
এই মাসে ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর প্রস্তুতি। নিয়মিত জামাতে নামাজ, প্রতিদিন কিছুটা কোরআন তেলাওয়াত, নির্দিষ্ট সময়ে জিকির বা দোয়া—সবকিছু একসঙ্গে চাপ না দিয়ে ধাপে ধাপে শুরু করাই বাস্তবসম্মত। এতে রমজান শুরু হলে দীর্ঘ ইবাদত আর অচেনা মনে হয় না।
রমজান কেবল ব্যক্তিগত ইবাদতের মাস নয়। তারাবী, তাহাজ্জুদ ও কুরআন তিলাওয়াতের মাস। ইতিকাফের মাস। শবে কদরের মাস। ক্ষমা লাভের মাস। প্রবৃত্তির লাগাম টেনে ধরার মাস। সংযম সাধনার মাস। ভ্রাতৃত্ব চর্চার মাস। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, বদর যুদ্ধ থেকে শুরু করে মক্কা বিজয়ের মতো যুগান্তকারী ঘটনাও ঘটেছে এই মাসেই। তাই রমজান মানে শুধু নিজেকে গুছিয়ে নেওয়া নয়, বরং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার অঙ্গীকারও।
শাবান আমাদের সেই অঙ্গীকারের জন্য প্রস্তুত করে। মনে করিয়ে দেয়, সময় দ্রুত ফুরিয়ে যায়। কে জানে, সামনে আসা রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান কি না। এই ভাবনাটুকু যদি মনে জায়গা করে নেয়, তবে শাবানের প্রতিটি দিনই আর সাধারণ থাকে না। তখন এই মাস হয়ে ওঠে পরিবর্তনের নীরব প্রস্তুতি—রমজানের আলোয় জীবনকে নতুন করে সাজানোর প্রথম ধাপ।

EmoticonEmoticon