বদর যুদ্ধের ইতিহাস
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) ১৭ রমজান মদিনার নিকটবর্তী বদর প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। একদিকে ছিল মুসলমানদের ক্ষুদ্র বাহিনী, অন্যদিকে ছিল কুরাইশদের সুসজ্জিত ও শক্তিশালী বাহিনী। সংখ্যায় কম এবং সামরিক সরঞ্জামে দুর্বল হওয়া সত্ত্বেও মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করেন।বদর যুদ্ধ প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মদিনায় ইসলামের ভিত্তি আরও সুদৃঢ় হয়। পাশাপাশি এটি ছিল ইসলামের প্রথম বড় সামরিক সাফল্য, যা পরবর্তী সময়ে মুসলিম সমাজকে সংগঠিত ও শক্তিশালী হতে সহায়তা করে।বদর যুদ্ধ আমাদের ধৈর্য, ত্যাগ, ঈমান ও ঐক্যের শিক্ষা দেয়। বর্তমান সময়েও এই যুদ্ধের আদর্শ মুসলমানদের জন্য প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
মো. আল-মারুফ হোসেন
গণিত বিভাগ,
খুলনা বিশ্ববিদ্যালয়
রমজানের মাহাত্ম্য ও কুরআনের বার্তা
রমযান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি মাস। সূরা আল-বাকারা–এর ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, “শাহরু রামাদানাল্লাযী উনযিলা ফিহিল কুরআন”—অর্থাৎ রমযান সেই মাস, যে মাসে মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাযিল করা হয়েছে।
এই আয়াত রমযানের প্রকৃত গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে। রমযান কেবল রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার মাস। পবিত্র কুরআন মানবজীবনের সার্বিক দিকনির্দেশনা প্রদান করে—ব্যক্তিগত জীবন, সামাজিক ন্যায়বিচার ও নৈতিকতার ভিত্তি স্থাপন করে।
আয়াতটিতে আরও উল্লেখ রয়েছে যে কুরআন মানুষের জন্য সুস্পষ্ট প্রমাণ ও সত্য-মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড। তাই রমযান মাসে কুরআন তিলাওয়াত, তার অর্থ অনুধাবন এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধর্মীয় বিশ্লেষকদের মতে, রমযান হলো আত্মসংযমের প্রশিক্ষণকাল। সিয়াম পালনের মাধ্যমে একজন মুমিন ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করেন। একই সঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট অনুধাবনের সুযোগ পান।
সব মিলিয়ে, সূরা আল-বাকারার ১৮৫ নম্বর আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়—রমযান শুধু আনুষ্ঠানিক ইবাদতের সময় নয়; বরং এটি কুরআনের আলোয় ব্যক্তি ও সমাজকে পরিবর্তনের এক অনন্য সুযোগ।
সাকিব হাসান
শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ
খুলনা বিশ্ববিদ্যালয়
রমাদান: হৃদয় বদলের বসন্ত
বছরের এগারোটি মাসের একটানা যান্ত্রিক ছুটে চলা, পার্থিব জীবনের মরীচিকার পেছনে দৌড়ানো আর হাজারো ভুলভ্রান্তির পর আমাদের ক্লান্ত আত্মায় প্রশান্তির সুবাতাস নিয়ে আসে পবিত্র রমাদান। মুমিনের রুক্ষ ও ধুলোমলিন জীবনে এ যেন এক পশলা আধ্যাত্মিক বৃষ্টির নাম। এটি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেবল পানাহার থেকে বিরত থাকার কোনো শুষ্ক আনুষ্ঠানিকতা নয়; বরং এটি হলো রবের নৈকট্য লাভ, আত্মশুদ্ধি এবং নিজের ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটিকে জাগিয়ে তোলার এক অবারিত মহোৎসব।
দুনিয়ার যেকোনো ব্যবসায়ী যেমন সারা বছর একটি ‘পিক সিজন’ বা লাভের মৌসুমের জন্য অপেক্ষায় থাকেন, নিজের সবটুকু মেধা ও শ্রম দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে চান— তেমনি একজন মুমিনের কাছে রমাদান হলো নেকি অর্জনের শ্রেষ্ঠতম মৌসুম। এই এক মাসের সওদা দিয়ে তাকে পাড়ি দিতে হবে বাকি এগারো মাসের দুর্গম পথ। কিন্তু এই মাসটি কেন এতো মর্যাদাপূর্ণ? আর কীভাবে আমরা এর প্রতিটি সেকেন্ডকে হীরকখণ্ডের মতো মূল্যবান করে তুলতে পারি?
রহমত, মাগফিরাত ও মুক্তির এক অনন্য আসমানি প্যাকেজ
রমাদানের শ্রেষ্ঠত্বের অন্যতম বড় এবং প্রধান কারণ হলো পবিত্র কুরআন। মানবজাতির উত্থান-পতনের মাপকাঠি, অন্ধকারের বুক চিরে আলোর পথ দেখানো এই আসমানি কিতাব আল্লাহ তাআলা এই মাসেই নাযিল করেছেন। এই মাসটি মূলত কুরআনেরই মাস।
হাদীসের পাতা উল্টালে দেখা যায়, এই মাসের মর্যাদার কথা রাসূলুল্লাহ (সা.) অসাধারণ কিছু উপমায় বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, রমাদানের চাঁদ আকাশে উঁকি দেওয়ার সাথে সাথেই জান্নাতের দরজাগুলো সশব্দে খুলে দেওয়া হয়, যেন মুমিনদের স্বাগত জানানোর জন্য জান্নাত নিজেই প্রস্তুত। অন্যদিকে, শক্ত করে বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের কপাট এবং মানুষের আদি পিতা আদমের চিরশত্রু শয়তানকে করা হয় শৃঙ্খলিত। প্রতিদিন এবং প্রতি রাতের আঁধারে অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির এক বিশেষ ‘অফার’ দেন মহান দয়াময় রব।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই মাসে যেকোনো সাধারণ নেক আমলের সাওয়াব দশগুণ থেকে সাতশগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা ও রহস্যময়। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, "সিয়াম আমার জন্য, আমিই তার প্রতিদান দেব।" শুধু তাই নয়, জান্নাতে ‘রাইয়ান’ নামক একটি বিশেষ সুবিশাল দরজা রয়েছে, যা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদাররাই পরম তৃপ্তির সাথে প্রবেশ করার রাজকীয় সম্মান পাবেন।
তাকওয়ার খোঁজে: আমাদের রোজা কি কেবলই উপবাসের নামান্তর?
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অত্যন্ত নিখুঁতভাবে জানিয়ে দিয়েছেন, সিয়াম বা রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হলো ‘তাকওয়া’ বা আল্লাহভীতি অর্জন। কিন্তু দিনের শেষে ইফতারের টেবিলে বসে একটু ভেবে দেখার বিষয় হলো— আমাদের এই রোজা কি সত্যিই আমাদের মুত্তাকী বানাচ্ছে?
যদি আমাদের রমাদান শুধু সাহরী খাওয়ার ধুমধাম, দিনভর ক্লান্তিকর উপবাস এবং সন্ধ্যায় হরেক রকম মুখরোচক ইফতারের আয়োজনের মাঝেই আটকে থাকে, তবে রোজার মূল উদ্দেশ্যই ঢাকা পড়ে যায়। ভেবে দেখুন, একান্ত নির্জনে, ঘরের দরজা বন্ধ থাকা অবস্থায় প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণা থাকা সত্ত্বেও আমরা এক ঢোঁক পানিও পান করি না। কেন? কারণ আমরা বিশ্বাস করি, কেউ না দেখুক— আমার আল্লাহ দেখছেন।
অথচ সেই একই আল্লাহর ভয়ে আমরা কি আমাদের জীবনের অন্যান্য হারাম কাজগুলো ছাড়তে পারছি? রোজা রেখেও যদি আমাদের মুখের মিথ্যা কথা বন্ধ না হয়, অন্যের হক নষ্ট করার স্বভাব না যায়, অবৈধ উপার্জন চলতেই থাকে কিংবা হাতের স্মার্টফোনে হারাম কন্টেন্ট দেখার আসক্তি না কাটে— তবে বুঝতে হবে আমাদের এই রোজা নিছক উপবাস ছাড়া আর কিছুই নয়। যে আল্লাহ দিনের বেলায় হালাল খাবার থেকে বিরত থাকতে বলেছেন, সেই আল্লাহই তো হারাম কাজ থেকে সবসময় বিরত থাকতে বলেছেন। রোজার এই শিক্ষাই হলো তাকওয়া।
রমাদানকে সার্থক করার কার্যকরী ও বাস্তবমুখী রূপরেখা
রমাদানের এই সুবর্ণ সুযোগ যেন চোখের পলকে হারিয়ে না যায়, সেজন্য আমাদের দৈনন্দিন জীবনের রুটিনে বেশ কিছু কাঠামোগত ও আধ্যাত্মিক পরিবর্তন আনা জরুরি:
১. হারামের বেড়াজাল ছিন্ন করা: নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিতে হবে। চোখ, কান, হাত ও জিহ্বাকে রোজার পবিত্রতায় বেঁধে ফেলতে হবে। রাসূল (সা.) বলেছেন, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচে বড় ইবাদতগুজার হিসাবে গণ্য হবে। (সুনান তিরমিযী-২৩০৫)
গীবত, পরনিন্দা, এবং ডিজিটাল পাপ (যেমন— অযথা স্ক্রলিং ও হারাম দৃশ্য দেখা) থেকে নিজেকে মুক্ত রাখাই হলো সত্যিকার রোজাদারের কাজ।
২. সালাতে মনোযোগ ও জামাতের প্রতি একনিষ্ঠতা: আজান হওয়ার সাথে সাথেই দুনিয়াবি সব ব্যস্ততা ফেলে মসজিদে ছুটে যাওয়ার অভ্যাস গড়তে হবে এই রমাদানেই। নারীদের উচিত ঘরে প্রথম ওয়াক্তে, সমস্ত কাজের চিন্তা দূরে সরিয়ে ধীরস্থিরভাবে সালাত আদায় করা। মনে রাখতে হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম হিসাব হবে এই সালাতেরই। সালাত ঠিক তো সব ঠিক।নবী কারীম সা. বলেছেন— কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের থেকে সালাতের হিসাব নেয়া হবে। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। (সুনান নাসায়ী-৪৬৫)
৩. কুরআনের সাথে অন্তরঙ্গতা ও গভীর বন্ধুত্ব: যেহেতু এটি কুরআন নাযিলের মাস, তাই কেবল তোতাপাখির মতো তিলাওয়াতের পাশাপাশি এর অর্থ, প্রেক্ষাপট ও শিক্ষা অনুধাবনের জন্য সময় বের করতে হবে। কিয়ামতের কঠিন ও ভয়াবহ দিনে, যখন কেউ কারো দিকে ফিরে তাকাবে না, তখন এই কুরআন এবং রোজা আল্লাহর দরবারে আপনার পক্ষে শক্ত সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে।
৪. রাতের নিস্তব্ধতায় রবের সান্নিধ্য (তাহাজ্জুদ): সাহরী খাওয়ার জন্য তো আমরা রাতেই উঠি। খাবার প্রস্তুত হওয়ার ফাঁকে, কিংবা খাওয়ার ঠিক আগে কিছুটা সময় বের করে নির্জনে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া খুব সহজ একটি কাজ। রাতের শেষ ভাগে আল্লাহ যখন দুনিয়ার আসমানে এসে ক্ষমার ডাক দেন, তখন সেই নিশ্চুপ রজনীতে চোখের পানি ফেলে রবের কাছে নিজের সবটুকু চাওয়ার এর চেয়ে দারুণ সুযোগ আর কী হতে পারে!
৫. জ্ঞান অর্জনের আনন্দময় পরিবেশ: পরিবারকে সাথে নিয়ে প্রতিদিন ইফতারের আগে বা পরে কিছুটা সময় ইসলামের মৌলিক জ্ঞান অর্জনে ব্যয় করা যেতে পারে। সাহাবীদের জীবনী পড়া, কুরআনের তাফসীর শোনা বা হাদীসের আলোচনা করা— এই অভ্যাসটি পুরো পরিবারকে একটি সুন্দর আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ করবে, যার প্রভাব থাকবে বছরজুড়ে। রাসূল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন— কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন, যে আমার নিকট চাইবে? আমি তাকে তা দেব। কে আছে এমন, যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহীহ বুখারী-১১৪৫)
রমাদান আমাদের জীবনকে ঢেলে সাজানোর, অতীতকে মুছে নতুন করে শুরু করার এক ঐশী সুযোগ। আসুন, এই মাসটিকে কেবল ক্যালেন্ডারের পাতা বদল হিসেবে না দেখে, হৃদয় বদলের এক দীর্ঘ মহোৎসব হিসেবে গ্রহণ করি। মহান আল্লাহ আমাদের সকলকে সেই তাওফীক ও হেদায়েত দান করুন।
ফারহান জাওয়াদ
শিক্ষার্থী
ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়
বসন্তের আগমনে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকৃতির ছোঁয়ায় নতুন প্রাণ, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ।
বসন্ত মানেই রঙ, প্রাণ ও নবজাগরণ। ঋতুরাজ বসন্তের আগমনে নতুন সাজে সেজেছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়। শীতের জড়তা কাটিয়ে ক্যাম্পাসজুড়ে এখন প্রকৃতির উচ্ছ্বাস, রঙিন ফুলের সমারোহ আর শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রবেশ করলেই দৃষ্টিনিবদ্ধ হয়ে যায় রাস্তার দু'পাশে থাকা বিভিন্ন রঙের গাঁদাফুলের সমারোহে। সড়ক দিয়ে সামনে আাসলেই বকুলের গন্ধে মন ভরে উঠে। প্রশাসনির ভবনের সামনের চত্বর, সেন্ট্রাল মসজিদ ও লেকপাড়—সবখানেই বসন্তের ছোঁয়া স্পষ্ট। গাঁদা, সূর্যমূখী, বকুল,জারুলসহ নানা প্রজাতির ফুলে ভরে উঠেছে ক্যাম্পাস। কোথাও লাল-কমলার উজ্জ্বলতা, কোথাও বা বেগুনি-হলুদের মেলবন্ধন—প্রতিটি দৃশ্য যেন একেকটি জীবন্ত ক্যানভাস।
সকালের নরম রোদে ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন, পাখির কলতান আর হালকা বাতাসে দোল খাওয়া ডালপালা—সব মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। নিয়মিত ক্লাস ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা এখন অবসর পেলেই ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগে ব্যস্ত। অনেককে দেখা যাচ্ছে মোবাইল ক্যামেরায় বসন্তের রঙ ধরে রাখতে, কেউ বা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন সবুজ-ফুলেল পরিবেশে।
শুধু সৌন্দর্যই নয়, বসন্ত শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিও এনে দেয়। পরীক্ষার চাপ, অ্যাসাইনমেন্ট আর গবেষণার ব্যস্ততার মাঝেও বসন্তের এই প্রাকৃতিক আবহ মনকে করে তোলে হালকা। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই মনে করেন, এমন পরিবেশ পড়াশোনা ও সৃজনশীল কাজের জন্য বিশেষভাবে সহায়ক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত পরিচর্যা ও সবুজায়নের উদ্যোগও বসন্তের এই সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। পরিকল্পিত বাগান, পরিচ্ছন্ন সড়ক ও খোলা স্থানগুলো বসন্তকালে খুলনা বিশ্ববিদ্যালয়কে আলাদা মাত্রা দেয়, যা দর্শনার্থীদের কাছেও প্রশংসিত।
সব মিলিয়ে, বসন্তের আগমনে খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু একটি শিক্ষাঙ্গন নয়—এ যেন প্রকৃতি, শিক্ষা ও তারুণ্যের মিলনমেলা। রঙিন ফুল, নীল আকাশ আর প্রাণচঞ্চল ক্যাম্পাসজুড়ে বসন্তের এই আনন্দ আরও অনেক দিন শিক্ষার্থীদের স্মৃতিতে রয়ে যাবে।
মোকাররম বিল্লাহ
শিক্ষার্থী
শিক্ষা ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়
শাবান মাসে রমজান প্রস্তুতি
ফারহান জাওয়াদ
শিক্ষার্থী
ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়।
রমজান আসার আগেই বাতাসে যেন তার আভাস ভেসে ওঠে। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই বোঝা যায়, আর খুব বেশি দেরি নেই। ঠিক এই সময়েই হাজির হয় শাবান—একটি নীরব কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ মাস। অনেকের কাছেই এটি যেন রমজানের আগের একটি সাধারণ সেতু, অথচ এই সেতুর ওপর দাঁড়িয়েই রমজানের পথচলা কতটা সহজ বা কঠিন হবে, তার অনেকটাই নির্ধারিত হয়ে যায়।
শাবান মাসকে অবহেলা করার প্রবণতা নতুন নয়। রজবের পবিত্রতা আর রমজানের ব্যস্ত ইবাদতের মাঝখানে পড়ে গিয়ে এই মাস অনেক সময় আড়ালেই থেকে যায়। অথচ নবী মুহাম্মদ (সা.)-এর জীবনে তাকালে ভিন্ন এক ছবি দেখা যায়। এই মাসেই তাঁর নফল রোজার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আয়েশা (রা.)-এর বর্ণনায় জানা যায়, রমজান ছাড়া অন্য কোনো মাসে নবীজি (সা.) শাবানের মতো এত বেশি রোজা রাখেননি। কয়েকটি দিন ছাড়া প্রায় পুরো মাসই কাটত তাঁর রোজায়।
কেন এই বিশেষ গুরুত্ব? উসামা বিন জায়েদ (রা.)-এর প্রশ্নের উত্তরে নবীজি (সা.) একবার বলেছিলেন, শাবান এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে। অথচ এই মাসেই আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। তাই তিনি চাইতেন, তাঁর আমলনামা যেন রোজা অবস্থাতেই পেশ হয়। এই একটি কথাই যেন শাবান মাসের গভীর তাৎপর্য আমাদের সামনে খুলে দেয়।
শাবান আসলে রমজানের প্রস্তুতির সময়। ঠিক যেমন শরীরচর্চার আগে শরীরকে ধীরে ধীরে অভ্যস্ত করতে হয়, তেমনি দীর্ঘ সময় রোজা ও ইবাদতের জন্য শরীর ও মনকে প্রস্তুত করার সুযোগ এনে দেয় এই মাস। যারা শাবানে নিয়মিত নফল রোজা রাখেন, তাদের কাছে রমজানের প্রথম দিনগুলো হঠাৎ চাপ হয়ে আসে না। বরং ইবাদতের স্বাদ তারা আগেই অনুভব করতে শুরু করেন।
এই প্রস্তুতির বিষয়টি ইসলামেও গুরুত্বের সঙ্গে এসেছে। কোরআনে এমন মানুষের কথা বলা হয়েছে, যারা দায়িত্ব পালনের কথা বললেও প্রকৃত প্রস্তুতির অভাবে পিছিয়ে থাকে। বার্তা পরিষ্কার—ইচ্ছা সত্য হলে প্রস্তুতি থাকেই। রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসকে সার্থক করতে হলে প্রস্তুতিও হতে হবে ততটাই গুরুত্বের সঙ্গে।
শাবান মাসে করণীয় শুধু রোজাতেই সীমাবদ্ধ নয়। এটি নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার সময়। তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে হৃদয়কে হালকা করার সময়। আগের রমজানগুলোতে কেন আমাদের মন বসেনি, কেন ইবাদতে ধারাবাহিকতা ছিল না—সেসব প্রশ্ন নিজের কাছে নিজেকেই করা দরকার। অনেক সময় উত্তরটা খুব সাধারণ হয়—অতিরিক্ত মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা, কিংবা সময়ের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকা।
শাবান মাসের একটি ফযীলত হল, অর্ধ-শাবানের রাত। অর্থাৎ চৌদ্দ শাবান দিবাগত রাত। এ রাতের বিশেষ ফযীলতের কথা বর্ণিত হয়েছে। একটি হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন―
يَطَّلِعُ اللهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ.
আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন; অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষপোষণকারী ব্যতীত (এই দুই শ্রেণিকে ক্ষমা করেন না)। ―সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৬৬৫; শুআবুল ঈমান, বাইহাকী ৩/৩৮২, হাদীস ৩৮৩৩
এই মাসে ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর প্রস্তুতি। নিয়মিত জামাতে নামাজ, প্রতিদিন কিছুটা কোরআন তেলাওয়াত, নির্দিষ্ট সময়ে জিকির বা দোয়া—সবকিছু একসঙ্গে চাপ না দিয়ে ধাপে ধাপে শুরু করাই বাস্তবসম্মত। এতে রমজান শুরু হলে দীর্ঘ ইবাদত আর অচেনা মনে হয় না।
রমজান কেবল ব্যক্তিগত ইবাদতের মাস নয়। তারাবী, তাহাজ্জুদ ও কুরআন তিলাওয়াতের মাস। ইতিকাফের মাস। শবে কদরের মাস। ক্ষমা লাভের মাস। প্রবৃত্তির লাগাম টেনে ধরার মাস। সংযম সাধনার মাস। ভ্রাতৃত্ব চর্চার মাস। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, বদর যুদ্ধ থেকে শুরু করে মক্কা বিজয়ের মতো যুগান্তকারী ঘটনাও ঘটেছে এই মাসেই। তাই রমজান মানে শুধু নিজেকে গুছিয়ে নেওয়া নয়, বরং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার অঙ্গীকারও।
শাবান আমাদের সেই অঙ্গীকারের জন্য প্রস্তুত করে। মনে করিয়ে দেয়, সময় দ্রুত ফুরিয়ে যায়। কে জানে, সামনে আসা রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান কি না। এই ভাবনাটুকু যদি মনে জায়গা করে নেয়, তবে শাবানের প্রতিটি দিনই আর সাধারণ থাকে না। তখন এই মাস হয়ে ওঠে পরিবর্তনের নীরব প্রস্তুতি—রমজানের আলোয় জীবনকে নতুন করে সাজানোর প্রথম ধাপ।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
মাহদী হাসান
শিক্ষার্থী
ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি
খুলনা বিশ্ববিদ্যালয়
পত্রিকা: খবরের কাগজ
Recent Posts
Popular Writings
-
পারভেজ মোশাররফ , সদস্য খুবি লেখক সংঘ: শিশির ভেজা ঘাসের দেশে মুক্ত মনে হেসে, তেপান্তরের মাঠে মাঠে বেড়াই আমি ভেসে। ছোট্ট সজীব ঘাসে...
-
ফারহান জাওয়াদ শিক্ষার্থী ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়। রমজান আসার আগেই বাতাসে যেন তার আভাস ভেসে ওঠে। ক্যালেন্ড...
-
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) ১৭ রমজান মদিনার নিকটবর্তী বদর প্রান্তরে ...
-
পারভেজ মোশারফ শিক্ষার্থী বাংলা বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয় পত্রিকা: খবরের কাগজ
Khulna University Young Writers' Society
KU Young Writers' Society
KU Young Writers' Society
Archieve
-
▼
2026
(73)
-
►
ফেব্রুয়ারি
(28)
- রাস্তা সংস্কার জরুরি
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন
- পশু-পাখিরাও আমাদের আপনজন
- বদর যুদ্ধের ইতিহাস
- মায়ের ভাষা
- রমজানের মাহাত্ম্য ও কুরআনের বার্তা
- একুশ
- রাস্তা সংস্কার করুন
- রমাদান: হৃদয় বদলের বসন্ত
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
- বসন্তের আগমনে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়
- নিশীথ-হাহাকার
- সুখ
- খুবির রাস্তা৷ স্পিডব্রেকার প্রয়োজন
- চিহ্ন
- যানজট সমস্যার সমাধান করুন
- যানবাহনের কালো ধোঁয়া
- নির্বাচনি সহিংসতা দেখা যাচ্ছে
- জুলাই সনদ নিয়ে অপপ্রচার
- ফুট ওভারব্রিজ প্রয়োজন
- সুন্দরবন টেক্সটাইল মিলস
- সড়ক-বাতি স্থাপন করুন
- লাইসেন্সবিহীন অটোরিকশা
- শাবান মাসে রমজান প্রস্তুতি
- খুবিতে যৌন হয়রানি বন্ধ হোক
- খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
- পথশিশুদের প্রতি নজর দিন
- প্লাস্টিক উৎপাদন বন্ধ করুন
-
►
ফেব্রুয়ারি
(28)
Search This Blog
Give Your Ads Here
Contact: 01777024027
Featured Section
-
পারভেজ মোশাররফ , সদস্য খুবি লেখক সংঘ: শিশির ভেজা ঘাসের দেশে মুক্ত মনে হেসে, তেপান্তরের মাঠে মাঠে বেড়াই আমি ভেসে। ছোট্ট সজীব ঘাসে...
-
ফারহান জাওয়াদ শিক্ষার্থী ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়। রমজান আসার আগেই বাতাসে যেন তার আভাস ভেসে ওঠে। ক্যালেন্ড...
-
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) ১৭ রমজান মদিনার নিকটবর্তী বদর প্রান্তরে ...
-
পারভেজ মোশারফ শিক্ষার্থী বাংলা বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয় পত্রিকা: খবরের কাগজ
Most Recent
-
পারভেজ মোশাররফ , সদস্য খুবি লেখক সংঘ: শিশির ভেজা ঘাসের দেশে মুক্ত মনে হেসে, তেপান্তরের মাঠে মাঠে বেড়াই আমি ভেসে। ছোট্ট সজীব ঘাসে...
-
ফারহান জাওয়াদ শিক্ষার্থী ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়। রমজান আসার আগেই বাতাসে যেন তার আভাস ভেসে ওঠে। ক্যালেন্ড...
-
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) ১৭ রমজান মদিনার নিকটবর্তী বদর প্রান্তরে ...
-
পারভেজ মোশারফ শিক্ষার্থী বাংলা বিভাগ খুলনা বিশ্ববিদ্যালয় পত্রিকা: খবরের কাগজ
Trending
-
পারভেজ মোশাররফ , সদস্য খুবি লেখক সংঘ: শিশির ভেজা ঘাসের দেশে মুক্ত মনে হেসে, তেপান্তরের মাঠে মাঠে বেড়াই আমি ভেসে। ছোট্ট সজীব ঘাসে...
-
ফারহান জাওয়াদ শিক্ষার্থী ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়। রমজান আসার আগেই বাতাসে যেন তার আভাস ভেসে ওঠে। ক্যালেন্ড...
-
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। ৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) ১৭ রমজান মদিনার নিকটবর্তী বদর প্রান্তরে ...



















































