উচ্চ শিক্ষায় নারীর প্রতি বৈষম্য দূর হোক


 উচ্চ শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এই ভিত্তি যখন নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগের নিশ্চয়তা দেয়, তখনই তা প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে। কাগজে-কলমে বৈষম্যহীনতার কথা বলা হলেও, বাংলাদেশের উচ্চ শিক্ষাঙ্গনে নারীদের পথচলায় এখনো কিছু অদৃশ্য বাধা ও বৈষম্য রয়ে গেছে।

শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে এই অগ্রগতি সত্ত্বেও অনেক্ষেত্রেই সামাজিক ও পারিবারিক চাপ তাদের স্বপ্নকে সীমিত করে দেয়। উদাহরণস্বরূপ দেখা যায় বিজ্ঞান, প্রকৌশল এবং গবেষণামূলক বিষয়গুলোতে মেয়েদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। পরিবার থেকে প্রায়শই মেয়েদের এমন বিষয় বেছে নিতে নিরুৎসাহিত করা হয়।


এরপর আসে ক্যাম্পাসের পরিবেশের কথা। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব, যাতায়াতের সমস্যা এবং যৌন হয়রানির ঝুঁকি নারীদের শিক্ষাজীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এছাড়াও আবাসিক হলগুলোতে সুযোগ-সুবিধার অপ্রতুলতাও একটি বড় সমস্যা। এসব কারণে অনেক পরিবার মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ করানোর ক্ষেত্রে নিরুৎসাহিত হয়, বিশেষ করে যদি তা নিজ শহর থেকে দূরে হয়।


একাডেমিক ক্ষেত্রেও সূক্ষ্ম বৈষম্য দেখা যায়। গবেষণার সুযোগে অপ্রতুলতা এবং সহপাঠীদের কাছ থেকে মানসিক চাপ নারীদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করার ঘটনাও দেখা যায়। অনেক সময় নারী শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করতে বা প্রশ্ন করতে সংকোচবোধ করেন, কারণ তারা ভিন্নভাবে মূল্যায়িত হওয়ার ভয় পান। নেতৃত্বের পদে বা গবেষণামূলক প্রকল্পগুলোতেও নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রায়শই কম দেখা যায়।


এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দরকার সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা। পরিবার থেকে মানসিক সমর্থন, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষাক্ষেত্রে লিঙ্গ-সংবেদনশীল নীতি প্রণয়ন করা। পাশাপাশি, নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা যায়। নারীরা তাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে এটাই সকলের প্রত্যাশা।


EmoticonEmoticon