শাহরিয়ার পারভেজ
ইংরেজি বিভাগ, ৩য় বর্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়।
গ্রামের চঞ্চল ছেলে সোহান। বড়ই দূরন্ত ছেলে, বয়স তার বারো ছুঁই ছুঁই; এরই মধ্যে বাবা-মাকে না হারিয়েও সে যেন এতিম। মাঠে খেলে আর নদীতে সাঁতার কেটেই তার দিন কেটে যায়। ফুটবল খেলতে গিয়ে একবার হাতও ভেঙেছে সে। খাওয়ার সময় খাওয়া নেই, নেই ঘুমানোর সময় ঘুম। অশান্ত এই ছেলেটা দাদা-দাদির কাছে এতিমের মতোই বড় হয়েছে।
না, সোহান এতিম না। বাবা-মা তার ঢাকায় থাকে, হয় না কথা তাদের সঙ্গে সোহানের। মা-বাবার মধ্যকার দ্বন্দ্বের বলি পাড়ার দুষ্টু ছেলে সোহান। সোহানের দাদা ছিলেন এই উপজেলার এক মাদরাসার প্রিন্সিপাল। ভাগ্যের নির্মম পরিহাস বলব না; তার ভেতরে জন্ম নেওয়া কোনো এক অজানা জেদ ও ক্ষোভেই ছেড়েছেন চাকরিটা। এখন মাথাভর্তি দুশ্চিন্তা আর পেটভর্তি ক্ষুধা নিয়েই বার্ধক্য কাটছে তার।
তবে তার একটা খানদানি অভ্যাস আছে—ঘুম থেকে উঠে চায়ের গ্লাসে চুমুক না দিলে যেন তার দিন শুরুই হয় না। দুবেলা খাওয়ার না হোক, দুই কাপ চা তার লাগবেই। পেটে ক্ষুধা থাকলেও চা-পাতা ছাড়া তার চলে না; যেভাবেই হোক জোগাড় সে করবেই। এভাবেই চলছে তার জীবনের শেষ সময়টা। পুত্রের খোঁজ রাখার মতো ‘মূল্যহীন’ কাজে সে সময় কখনো ব্যয় করে না।
সোহান, দুষ্টু চঞ্চল ছেলেটা, আমাকে ছোটবেলা থেকেই কাকু বলে ডাকে। আমিও তাকে আদর করেই কাকু বলি। ছেলেটা দুষ্টু হলেও বিশ্বস্ত ও দয়ালু। মানুষের প্রতি দয়া দেখানোর সুযোগ তার হয়নি, তবে অসুস্থ বিড়ালছানা কিংবা পাখিছানার প্রতি সে কখনো পশুত্ব দেখায়নি। তাকে চোখ বুজে বিশ্বাস করা যায়। ক্ষুধার তাড়নায় দুষ্টুমি করে চাচার আমগাছের দিকে নজর দিলেও সে সৎ।
দশজন ছেলের মাঝেও দূর থেকে তাকে চেনা যায়—দুষ্টু-পুষ্ট স্বভাবের। স্বাস্থ্যবান, গ্রামের আর দশটা মায়ের আদরের নাদুস-নুদুস ছেলের মতো। গায়ের কর্মঠ ছেলেদের দেহ এমনই হয়। সোহান মা-বাবার কাছ থেকে না পেয়েছে ভালোবাসা, না শাসন, না আদর, না বিদ্যা।
স্কুলের গণ্ডি পেরোনোর সময়েই এসে পড়ল পাহাড়সম বোঝা তার কাঁধে। পেটে ক্ষুধা নিয়ে তো আর মাস্টারমশাইয়ের দেওয়া পড়া কিংবা বেতের আঘাতে মাথা ঢোকে না। অন্য কিছু না বুঝুক, এই কথাটা গাঁয়ের গরিব ছেলেরা হাড়ে হাড়ে বোঝে। সোহানও তার ব্যতিক্রম নয়।
চলে যেতে হলো কপোতাক্ষের পাড়ে এক ইটভাটায় কাজ করতে। কাজ না করলে ক্ষুধা নিবারণ হয় না। সকাল থেকে সন্ধ্যা উত্তপ্ত সূর্যের নিচে, জ্বলন্ত আগুনে সোহান ইট পোড়ায়। সে যেন ইটকে নয়, বরং নিজেকেই পোড়ায়।
যে সময়ে তার সমবয়সী সহপাঠীদের মা হাতপাখায় বাতাস করতে করতে সন্তানকে পড়াতে বসে—না এমন নয় যে ঘরে সিলিং ফ্যান নেই। কিন্তু মায়ের মন তো আর ফ্যানের মতো ঘোরে না; ছেলের কষ্ট হবে ভেবে শ্বশুরির দেওয়া হাতপাখা নিয়ে এসেছে। কারণ তার সোনার টুকরো বাবাটা গরমে কষ্ট পাবে যে! অপরদিকে সোহানেরও বাতাসের সঙ্গে সম্পর্ক আছে; তবে সেটি উত্তপ্ত বাতাস, যা আগুনকে আরও প্রজ্জ্বলিত করে।
এই প্রজ্জ্বলিত আগুন মাটিকে পুড়িয়ে ইট বানায়। সেই ইটের সিলিংয়ের নিচেই ফ্যান ঘুরছিল, যার নিচে মা ছেলেকে পড়াচ্ছিলেন কোমল হাতের পাখার বাতাসে। আমি মায়ের ভালোবাসাকে ব্যঙ্গ করছি না—সন্তানের প্রতি মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ।
তবে এই আগুন সোহানকে পুড়িয়ে ইট না করলেও তার শেষ সম্বল—দুটি হাত—থেঁতলে দেয়। দোষটা সোহানের ছিল না, ছিল ইটের। সেই ইটটি পড়েছিল বড় দেয়াল থেকে। ইট ছিল ভাটার সরদারের লোক—তাই শাস্তিটা সোহানকেই পেতে হলো। তাকে কাজ থেকে বের করে দেওয়া হলো। থেঁতলানো হাতে তো আর ইট উল্টানো যায় না। কৃষক কি মরা গাছের শেষ গুঁড়িটা বাগানে রাখে? সে তো অক্ষম।
বিধ্বস্ত মন নিয়ে ফিরে এলো সোহান তার অনাথ আশ্রমে—না, সেটাই তার বাড়ি ছিল। যদিও সোহান এতিম ছিল না, আর বাড়িটাও অনাথ আশ্রম ছিল না; তবু সেটাই তার কাছে অনাথ আশ্রমের চেয়েও বড় ছিল। কারণ অনাথ শিশুরা অন্তত বিনামূল্যে, বিনা পরিশ্রমে খেতে পারে।
গল্পটা এখানেই ইতি হতে পারত, যদি সোহান সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে না আসত। হয়তো তার গল্পটাও অজানাই থেকে যেত শত শত সোহানের গল্পের মতো।
এই তো, দু’বছর আগে আমি ক্যাম্পাস থেকে ছুটিতে বাড়ি এসেছিলাম। হঠাৎ সোহানের সঙ্গে দেখা। আর যাই হোক, তার হাসিটায় কোনো কালিমা ছিল না, কোনো বক্রতা ছিল না। তার শেষ সম্বল—দুটি হাত—চলছিল আগের মতোই, কথার তালে তালে। গরিবের সম্বল তার এই দু’খানা হাত।
ক্যাম্পাসে ফেরার দিন শুনলাম—তার আর পড়াশোনা হবে না। দু’মুঠো ভাত যেখানে দুষ্প্রাপ্য, সেখানে লেখাপড়া বিলাসিতা। এরপর সুস্থতা নিয়ে ঢাকায় গেল চাকরির খোঁজে। সোহানকে আর দেখা গেল না এই বিদ্যাবিশ্বে।
হয়তো তার চলে যাওয়ার পর আমার চাচার বড় আমগাছের দুটি আম আর চুরি হয়নি; কোনো ক্ষুধার্ত দুষ্টু ছেলের পেটের ক্ষুধা নিবারণও হয়নি। কিন্তু সেই দুটি আম নিচে পড়ে নষ্ট হয়েছিল—আমি স্বচক্ষে দেখেছি।
কিন্তু চাচা কতবার যে গ্রামে সোহানের মতো চঞ্চল ছেলেদের আঘাত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঐ আম দু’টি রক্ষার জন্য। চাচার গাছে আম ভালোই এসেছিল সেবার; লোকেরা প্রশংসায় বলেছিল, “সরদার সাহেবের রিজিকে বরকত আছে—পশু-পাখিও খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে।” আসলেই গর্বের বিষয়।
এমন অনেক গর্বের বিষয় এই বংশের আছে। দাদু বলতেন, দাদুর বাবা ছিলেন এই অঞ্চলের জমিদার। মানুষ খালি পায়ে হেঁটে যেত বাড়ির সামনে দিয়ে; বড় বড় বাগান ছিল, পড়ে থাকত শত শত ফল। দাদু বলতেন, দাদুর বাবা ছিলেন দক্ষ শিকারি। বাগান থেকে পাখি শিকার করতেন; তাঁর ইয়ারগানের গুলি কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এসব কথা শুনে অন্য ভাইয়েরা গর্ববোধ করলেও আমার গর্বে বুদ্বুদ ফোটেনি। আমি ভাবতাম, সে যুগে সোহানের মতো ছেলেদেরও হয়তো আমবাগানে শিকার করা হতো। হয়তো আম চুরির শাস্তি ছিল নির্মম—জমিদারের আম বলে কথা। তবে পশু-পাখি আসত বাগানে; তাদের খাওয়ানোর জন্য দাদু অনেক প্রশংসা পেতেন—এটা গ্রামে প্রসিদ্ধ ছিল।
যাই হোক, আমরা সোহানদের গল্পে ফিরে আসি। হঠাৎ পূজার ছুটিতে আমি গ্রামে এসেছি। এবারের বাড়ি ফেরার পথটা মসৃণ ছিল না; জ্যামের কারণে রাস্তায় বেশ বেগ পেতে হয়েছে। সূর্য তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ঢলে পড়েছে মাত্র। মায়ের ঘরের বিছানায় ব্যাগটা রাখতেই দূরসম্পর্কের এক ফুফির কণ্ঠ কানে এলো। ফুফি দাদিকে বলল,
“গ্রামটা রোষানলে গেল, ধ্বংস হয়ে গেল। বংশের মান-ইজ্জত সব শেষ হয়ে গেল, বড় মা। বদমাশটা কোনো বেটার বউ নিয়ে এসেছে—সঙ্গে দু’খানা পোলা। একখানা সদ্য এসেছে পৃথিবীতে, আরেকখানা দামড়া। শেষ হয়ে গেল বংশের সব মান-সম্মান, মা।”
প্রথমে বুঝতে না পারলেও খুব বেশি দেরি হয়নি কানে পৌঁছাতে এই কাহিনি।
দাদি-ফুফিরা যখন বারবার বলতে লাগল, “বংশের মান-সম্মান সব শেষ করে দিল ঐ বদমাশটা,” তখন আমি বুঝতে পারছিলাম না—ছেলেটার নামটাও কেউ ধরছে না। বদমাশ, পাজি, বজ্জাত—এই ছিল তার বিশেষণ; ছিল না কোনো বংশপরিচয়। হঠাৎ কোথা থেকে এলো বংশ, গ্রাম—এসব?
“এ যে সরদার বংশ—যাদের মান-সম্মান, ধন-দৌলতের অভাব নেই। যাদের তিন পুরুষ জমিদারি, নাম-ডাক নাকি শহরেও আছে। সে কীভাবে পারল এই বংশের মান-সম্মান নষ্ট করতে? তার কি একবারও বিবেকে বাধল না? সে কি বংশের কথা ভাবল না?”
এ কথা বলে দাদি শক্ত করে মাটিতে আঘাত করল—যেন তার মনের ক্ষোভ হাতের আঘাতে মাটির বুকে প্রকাশ পেল।
গ্রামে-গ্রামে রটে গেল ঘটনাটা। যদিও সোহান আর সেই অলক্ষুণে মেয়েটি ও তার সন্তানরা বেশিদিন টিকে থাকতে পারেনি এই পুণ্যভূমিতে, তবু সোহান আঁকড়ে ধরতে চেয়েছিল তার শেষ আশ্রয়স্থলকে। খুব দ্রুতই সভা বসলো—সরদার বংশের মুরুব্বি ও গুণিজনদের নিয়ে। সিদ্ধান্ত হলো, এ পাপীদের গ্রাম থেকে নির্বাসিত করতে হবে—আর একদিনও নয়। বংশের গায়ে দাগ লাগতে দেওয়া যাবে না।
সেদিন রাতে বাইরে বসে আমাবস্যার আকাশে চাঁদ খুঁজছিলাম। হঠাৎ চিৎকার কানে এলো। মানুষের নয়—কুকুরগুলো মানুষের পায়ের আওয়াজে জোরে জোরে ডাকাডাকি করছিল। গুরুজনেরা এসেছেন সোহানের দাদার কাছে; আমিও সঙ্গ নিলাম। সভা শেষে বংশের বড় কর্তা বললেন, “আর এক রাতও নয়—কালই চলে যাবে।” তবে সিদ্ধান্ত হলো, কোনো আঘাত করা হবে না; যতই হোক গ্রামের সুনাম পাশের গ্রামগুলোতে রয়েছে—সুনাম নষ্ট করা যাবে না। সোহানের দাদাকে বলা হলো আপদ বিদায় করতে, গ্রামকে কলঙ্কমুক্ত করতে।
ভোরের আলো ফুটতেই সেই দূরসম্পর্কের ফুফি এসে দাদির কাছে বলল,
“বিপদ কাটছে, আপদ বিদায় হয়েছে।”
ফুফির মুখে তখন ফসলি হাসি। দাদি পুরোটা বুঝতে না পেরে কী হয়েছে জানতে চাইলে ফুফি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল,
“আপদ যে পথে এসেছিল, সে পথেই ফিরে গেছে। তবে ঐ বজ্জাত মেয়েটা একখানা পোলা রেখে গেছে।”
ছেলেটা ছোট; মায়ের দুধ ছাড়লেও নিজে ভাত তুলে খেতে পারে না। ফুফির মতে, সে রেখে গেছে আরেক বিপদ। কথাগুলো যেন দৈবসংবাদের মতো আগ্রহ নিয়ে সবাই শুনছিল। অনেকেই বড় কর্তার প্রশংসা করে বলল—তার সিদ্ধান্তে বংশের কালিমা দূর হলো। সে নাকি তার বড় দাদার মতোই—তার সিদ্ধান্তে বরকত আছে।
কয়েক মাস কেটে গেল। আমার ছুটি প্রায় শেষ। মা বললেন, চাচার বড় আমগাছে এবারও ভালো ফল এসেছে। সোহানের দাদার বাড়ির পাশেই গাছটা ছিল। আমি হাঁটছিলাম গাছটার নিচ দিয়ে বড় কর্তা আর চাচার সঙ্গে। ফল দেখেই বড় কর্তা চাচার প্রশংসা করে বললেন,
“এ বংশের একটা গৌরব আর আভিজাত্য আছে বুঝলে, রহমান। ফল শুধু নিজে খেয়ো না—মসজিদেও কিছু দিও।”
গাঁয়ের মসজিদটির দেয়ালে তখন টাইলসের কাজ চলছিল; ফ্যানও বসানো হয়েছে।
ছুটি শেষে ফিরে এলাম ক্যাম্পাসে। সেদিন ছিল সোমবার; ইশার জামাত হলের দোতলার মসজিদে। মসজিদের সামনে প্রতিদিন পত্রিকা রাখা থাকে। নামাজ শেষে পত্রিকা পড়া আমার অভ্যাস। সেদিনও দাঁড়িয়ে শিরোনাম পড়ছিলাম। হঠাৎ সোহানের ছবি দেখে চমকে উঠলাম। না, এবার সে বংশের মান-সম্মান জলে ডোবায়নি—বরং তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে বুড়িগঙ্গার জলে। হাত-পা পাথর দিয়ে বাঁধা অবস্থায় জেলেরা দেহটি পেয়েছে।
পত্রিকার পাতা উল্টাতেই আরেক লোমহর্ষক ঘটনার বর্ণনা পেলাম। সেই মেয়েটিকেও একইভাবে পাওয়া গেছে, তবে কিছু দূরে। তার সন্তানদেরও পাওয়া গেছে; তারা ছোট হওয়ায় দেহে পাথর বাঁধা হয়নি—ইটভাটার পোড়া ইট দিয়েই বেঁধে নদীতে ফেলা হয়েছিল। তদন্ত চলছিল।
কয়েক দিন পর পত্রিকায় প্রকাশ হলো হত্যার কারণ ও হত্যাকারীর পরিচয়। সে আর কেউ নয়—ঐ মেয়েটির সন্ত্রাসী স্বামীই।
মেয়েটির বিয়ে হয়েছিল কম বয়সে এক সন্ত্রাসীর সঙ্গে। সে স্ত্রী ও দুই সন্তানকে নির্মমভাবে নির্যাতন করত। মাদকের টাকার জন্য স্ত্রীকে কারখানায় কাজ করতে পাঠাত। সেখানেই সোহানের সঙ্গে পরিচয়। এক রাতের নির্যাতনের পর পালিয়ে এসে সে সোহানকে বলেছিল—আজ বস্তিতে ফিরলে আর বাঁচবে না। সোহানের মনে মায়া জাগে। মেয়েটি ও দুটি নিষ্পাপ শিশুকে বাঁচাতে সে তাদের নিজের গ্রামে নিয়ে আসে। ভেবেছিল, মানুষ তাকে বুঝবে; নতুন জীবন শুরু হবে। কিন্তু তা আর হলো না।
গ্রাম থেকে বিতাড়নের পরদিনই তারা ঢাকায় ফিরে যায়। সেখানে সন্ত্রাসীর হাতে নির্মমভাবে খুন হয় তিনজনই।
সরদার বংশ যে গ্রামে বাস করে—সে গ্রামে কি এই পাপ মেনে নেওয়া যায়? তাই তো ভাগ্য ঠেলে দিল তাদের বুড়িগঙ্গার কালো জলে।
এখানেই শেষ হলো পত্রিকার পাতাটি; আর সোহানকে নিয়ে আমার গল্পও। শুনেছি, গ্রামে রেখে আসা ছোট্ট শিশুটিকে বড় কর্তার আদেশে অনাথ আশ্রমে পাঠানো হয়েছে। সেখানে নাকি দুবেলা খেতে ইটভাটা বা কারখানায় কাজ করতে হয় না।
দাদু বলছিলেন, চাচার গাছে এবারও ফল এসেছে; তবে এবার ফল গ্রামে বণ্টন করা হবে। সোহানের দাদু এখনও বেঁচে আছেন। গ্রামে এলে দেখা হয়। সকালে বারান্দায় বসে এক গ্লাস চা মুখে না নিলে এখনও তার যেন সকালই হয় না।

1 #type=(blogger)
That's really amazing as well as sorrowful as it satirically depicts our society norms!
EmoticonEmoticon