কুয়াশার ওপারে প্রশান্তির আলোকপাত

লেখক: সাকিব হাসান [ পরিসংখ্যান-২৪ ব্যাচ, খুবি]


‎বাইরে আজ কুয়াশার চাদরটা বড্ড বেশি ঘন। জানালার কাঁচের ওপাশে তাকিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবীটা সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। ঘড়িতে তখন শেষ রাত। কনকনে শীতে জায়নামাজে দাঁড়িয়ে কেবল একটি কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে—রিজাল্ট। সিজিপিএ প্রত্যাশার চেয়ে অনেকটা নিচে নেমে গেছে। পরিসংখ্যানের কঠিন সব সমীকরণ মেলাতে গিয়ে জীবনের সবচেয়ে জরুরি সমীকরণটা যেন ওলটপালট হয়ে গেছে।

‎টেবিলের ওপর পড়ে আছে মার্কশিটটা। এক টুকরো কাগজ যেন বিষাদ হয়ে আমাকে গিলে খাচ্ছে। মনে হচ্ছিল, এই কুয়াশার মতো আমার ভবিষ্যৎও কি ঝাপসা হয়ে গেল? শয়তান মনের ভেতর কুমন্ত্রণা দিচ্ছিল—"তোর দ্বারা আর কিছু হবে না, এই মুখ কাউকে দেখানো যাবে না।" এক মুহূর্তের জন্য মনে হলো, এই জীবন রেখে লাভ কী?

‎‎ঠিক সেই মুহূর্তে মসজিদের মিনার থেকে ভেসে এল ফজরের আযান—‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ (ঘুমের চেয়ে নামায উত্তম)। আযানের প্রতিটি শব্দ যেন আমার ভেতরের জমাটবদ্ধ কুয়াশা ছিঁড়ে দিচ্ছিল। আমি অজু করতে দাঁড়ালাম। শীতল পানির স্পর্শে শরীরের ক্লান্তি আর মনের অবসাদ যেন কিছুটা ধুয়ে গেল।

‎সিজদাহয় গিয়ে যখন কপাল ঠেকালাম, তখন মনে পড়ল রাসূল (সা.) এর সেই কথাগুলো—মুমিনের কাজ তো ধৈর্য ধরা। আমি বুঝতে পারলাম, এই সিজিপিএ বা দুনিয়াবী সাফল্য কেবল একটা পরীক্ষা মাত্র, এটা জীবনের শেষ গন্তব্য নয়।

‎হঠাৎ মনে পড়ে গেল সেই মহাগ্রন্থের অভয়বাণী:

‎"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।" — (সূরা আজ-জুমার, আয়াত: ৫৩)

‎আল্লাহ যেখানে নিরাশ হতে নিষেধ করেছেন, সেখানে এক টুকরো কাগজের নম্বরের জন্য ভেঙে পড়া কি সাজে? সিজিপিএ হয়তো কম এসেছে, কিন্তু আল্লাহ তো আমার প্রচেষ্টাকে দেখছেন। জীবনের আমানত এভাবে হেলায় হারানোর চিন্তা করাও ছিল এক মস্ত বড় ভুল।‎ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো নতুন করে আল্লাহর ওপর ভরসা করে পথ চলার শুরু। 

‎

‎"কুয়াশা যত ঘনই হোক, সূর্যের আলো তাকে হারাবেই। আর হতাশা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বেশি প্রশস্ত।"

‎


 


EmoticonEmoticon