পহেলা বৈশাখ ১৪৩২। এক রঙিন, প্রাণবন্ত
আর আনন্দঘন দিন পার করলো খুলনা বিশ্ববিদ্যালয়। পুরো বিশ্ববিদ্যালয় যেন পরিণত
হয়েছিল এক খোলা মঞ্চে, আবাল-বৃদ্ধ-বনিতা সবাই একসাথে
মিলেমিশে উদযাপন করছিলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
আয়োজনের শুরুটা হয়েছিল চৈত্র সংক্রান্তির দিন থেকে। ১৪৩১ এর শেষ
দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিকেলটা ছিল রঙিন ঘুড়ির দখলে। কেন্দ্রীয় মাঠে কে কত
উঁচুতে ঘুড়ি উড়াতে পারে, সেই
প্রতিযোগিতায় মেতে উঠেছিল সবাই। কেউ প্রজাপতির মতো রঙিন ঘুড়ি ওড়াচ্ছে,
কেউ সাপ বা ঈগলের আকৃতির ঘুড়ি। আকাশজুড়ে যেন এক জীবন্ত ক্যানভাস! এক
শিক্ষার্থী বলছিল, "এক মুহূর্তের
জন্য মনে হচ্ছিল, আবার যেন শৈশবে ফিরে গেছি।"
সত্যিই তো, নির্মল বাতাসে ঘুড়ির দোলানিতে শৈশবের
সেই নিঃশর্ত আনন্দই যেন ফিরে এসেছিল।
পরদিন সকালটা শুরু হয় বর্ষবরণের গান দিয়ে "এসো হে বৈশাখ,
এসো এসো..."। বেলুন, ফেস্টুন আর
সাদা পায়রার সাথে নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উদ্বোধন করেন অনুষ্ঠান।
এরপরের অংশটা ছিল আরও জমকালো। চারুকলা স্কুল থেকে বের হওয়া বর্ণাঢ্য
শোভাযাত্রা! মুখোশ, ঢাক-ঢোল, আলপনা,
কাঠের কারুকাজ। সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। ক্যাম্পাস যেন রঙে রঙে
ভরে উঠলো।
বিকেলে শুরু হয় বৈশাখী মেলা। বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন নিজস্ব
স্টল সাজিয়েছে তাদের নিজস্ব সৃজনশীলতায়। রসালাপে রসালয়, ছন
বাড়ি, নবরং, কাকতাড়ুয়া,
বৈরঙা, নব হাট, হরিৎ
কুটির-সহ বিভিন্ন নান্দনিক নামের সেই স্টলগুলো। স্টলগুলোয় মিলছিলো বাঙ্গালিয়ানা
সামগ্রী; পিঠা-পুলি, মেয়েদের
সাজসজ্জা, হস্তশিল্প, ফুলদানি,
কলসি, এমনকি মহব্বতের শরবতও! প্রাক্তনরা
এসেছিলেন স্মৃতি হাতড়ে দেখতে। তাদের কথায় ছিল গর্ব, ভালোবাসা
আর নস্টালজিয়া। বাচ্চারা খেলছিল নাগরদোলায়, কেউ
ক্যামেরাবন্দি হচ্ছিল প্রিয়জনের সাথে, কেউবা
মেতেছিল গান, কবিতা আর নাচে।

EmoticonEmoticon